এটিএম বুথে জালিয়াতির ঘটনায় গ্রেফতার ৪

১৬ জুন, ২০২১ ১৭:০২  
রূপালী পর্দার জালিয়াতির গল্পকে বাস্তবে রূপ দিয়ে তিন বছরে আড়াই কোটি টাকার বেশি আত্মসাত করেছেন ডাচ বাংলা ব্যাংকের এডিসি ডিভিশনের সাবেক সিনিয়র অফিসার মীর শাহারুজ্জামান রনি। এটিএম বুথের ইলেক্ট্রনিক জার্নাল পরিবর্তন করে বিপুল অংকের অর্থ আত্মসাত করে দেশ ছেড়েছেন তিনি। তবে এই ঘটনায় জড়িত তা স্ত্রীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ মঙ্গলবার ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে। যে চারজনকে গ্রেফতার করা হয়েছে তারা হলেন- সায়মা আক্তার, আল-আমিন বাবু, মেহেদী হাসান, মু. মামুন ও আসাদুজ্জামান আসাদ । গ্রেফতারের সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দের কথা বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার। তিনি জানিয়েছেন, ‘জালিয়াতির মূল হোতা রনি তার স্ত্রীসহ আটক ব্যক্তিদের দিয়ে এটিএম বুথ থেকে টাকা তোলাতেন। কিন্তু তারা দাবি করতেন, মেশিন থেকে টাকা বের হয়নি। আসলে এটিএম মেশিনের ইলেক্ট্রনিক জার্নাল এমনভাবে পরিবর্তন করে দিতেন, যাতে পরে এটিএম থেকে টাকা না পাওয়ার অভিযোগ সঠিক বলে প্রতীয়মান হয়।’ এই কৌশলে ৬৩৭টি অ্যাকাউন্টের মাধ্যমে ১৩৬৩টি লেনদেনে প্রায় ২ কোটি ৫৭ লাখ টাকা ‘আত্মসাৎ’ করা হয়েছে বলে জানান হাফিজ আক্তার। এ ঘটনায় মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে।